চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ , ০৫:২৪ পিএম


চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস
ছবি: সংগৃহীত

চার বছর পর আবারও একই কোর্টে জুটি বাঁধতে যাচ্ছেন টেনিসের দুই কিংবদন্তি বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। এবারের ইউএস ওপেনের নারী ডাবলসে ওয়াইল্ড কার্ড পেয়েছেন তারা।

সর্বশেষ ২০২২ সালের ইউএস ওপেনে একসঙ্গে খেলেছিলেন দুই বোন। সেই টুর্নামেন্টই ছিল সেরেনার পেশাদার টেনিস থেকে বিদায়ের মঞ্চ। চার বছর পর আবার নিউইয়র্কে একই প্রান্তে দাঁড়াতে যাচ্ছেন তারা। নারী ডাবলসের মূল পর্ব শুরু হবে ৩ সেপ্টেম্বর। দুই বোনের প্রথম ম্যাচ হতে পারে ৩ অথবা ৪ সেপ্টেম্বর, যদিও নির্দিষ্ট সূচি ও প্রতিপক্ষ এখনো ঘোষণা করা হয়নি।

চলতি মাসেই সিনসিনাটি ওপেনে দীর্ঘ বিরতির পর প্রথমবার একসঙ্গে কোর্টে নেমেছিলেন সেরেনা ও ভেনাস। তবে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয় তাদের। ফল প্রত্যাশামতো না হলেও দুই বোনকে আবার একই কোর্টে দেখার ঘটনাই ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত বিষয়।

এবারের ইউএস ওপেন সেরেনার জন্যও বিশেষ। ৪৪ বছর বয়সী সাবেক বিশ্বসেরা দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন। মিক্সড ডাবলসে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে প্রথম ম্যাচ জিতলেও কোয়ার্টার ফাইনালে থেমে যায় তাদের পথ।

অন্যদিকে ৪৬ বছর বয়সী ভেনাস উইলিয়ামস ইউএস ওপেনের নারী এককেও ওয়াইল্ড কার্ড পেয়েছেন। ফলে ডাবলসের পাশাপাশি এককেও লড়াই করবেন তিনি।

সেরেনা-ভেনাস জুটির অর্জনের তালিকাও সমৃদ্ধ। দুই বোন একসঙ্গে জিতেছেন ১৪টি গ্র্যান্ডস্লাম ডাবলস শিরোপা এবং অলিম্পিকে তিনটি স্বর্ণপদক। ইউএস ওপেনে তাদের জুটি চ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৯ ও ২০০৯ সালে।

তাই এবার শিরোপা জয়ের সম্ভাবনার চেয়েও বড় প্রশ্ন চার বছর পর আবারও কি পুরোনো বোঝাপড়া ও ছন্দে ফিরতে পারবেন টেনিসের এই কিংবদন্তি দুই বোন?

আরও পড়ুন

নিউইয়র্কের দর্শকদের কাছে অবশ্য ফলাফলের চেয়েও বড় আকর্ষণ সেরেনা ও ভেনাসকে আবার একই কোর্টে দেখা। কারণ, তাদের পুনর্মিলন শুধু একটি ডাবলস ম্যাচ নয়, টেনিসের ইতিহাসের এক সোনালি অধ্যায়কে আবারও জীবন্ত করে তোলার উপলক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission