প্রবল স্রোতে কয়েক সেকেন্ডেই ভেসে গেল সেতু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ , ০৭:১৫ পিএম


কয়েক সেকেন্ড আগেও সেতুটি ছিল ঠিকঠাক। পাশের সড়ক দিয়ে চলছিল ট্রাক ও বুলডোজার। কিন্তু হঠাৎ পাহাড় থেকে কাদা মেশানো পানির এমন ভয়ংকর ঢল নেমে এলো, যার সামনে টিকতেই পারল না এই বিশাল লোহার সেতু। চোখের পলকে গোড়া থেকে উপড়ে প্রবল স্রোতে ভেসে গেল পুরো সেতু। আর ঠিক শেষ মুহূর্তে সরে গিয়েও রক্ষা পায়নি গাড়িগুলো। এখনো নিখোঁজ রয়েছেন একজন চালক।

ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার নীতি উপত্যকায়। এএনআই এর প্রতিবেদনে জানা যায়, টানা ভারী বৃষ্টির পর পাহাড়ি নদী ও ঝর্নার পানি হঠাৎ বেড়ে যায়। এরপর বিপুল পরিমাণ কাদা ও পানির প্রবল স্রোত আছড়ে পড়ে সেখানে থাকা বেইলি ব্রিজটির ওপর। কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি উপড়ে ভেসে যায়।

এ বিষয়ে চামোলির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবেক প্রকাশ জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে স্থানীয় তামাক নালায় এ ঘটনা ঘটে। সেতুটি ভেসে যাওয়ার সময় কাছেই ছিলেন সীমান্ত সড়ক সংস্থা (বিআরও)-এর কর্মকর্তা ও কর্মীরা। ঘটনার পর থেকে বিআরও-এর একটি গাড়ি ও সেটির চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে চলছে অভিযান। ঘটনাস্থলে পাঠানো হয়েছে এসডিআরএফ-এর একটি দল।

আরও পড়ুন

সেতুটি ভেসে যাওয়ায় আরও বড় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কারণ সেতুর অপর পাশে রয়েছে প্রায় ১৫ থেকে ১৬টি গ্রাম। সেখানকার সঙ্গে মূল এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে। দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছে প্রশাসন ও বিআরও।

একই সঙ্গে ওই এলাকায় কতজন পর্যটক আটকা পড়েছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি-এর সঙ্গে সমন্বয় করছে স্থানীয় প্রশাসন।

আর বৃষ্টি অব্যাহত থাকায় বিপদ এখনো কাটেনি। নদী ও পাহাড়ি জলধারের পানি আরও বাড়তে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের নদীর তীর থেকে দূরে থাকার পাশাপাশি আপাতত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission