হাতুড়ি দিয়ে কাচ ভেঙে দোকানে ঢুকে লুট, ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তদের তাণ্ডব 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ০৮:৫৬ এএম


হাতুড়ি দিয়ে কাচ ভেঙে দোকানে ঢুকে লুট, ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তদের তাণ্ডব 
ক্যালিফোর্নিয়ার বেলফ্লাওয়ারে মুখোশধারীদের হামলা । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে দোকানে ঢুকে তারা খাবার, পানীয়, মিষ্টিসহ বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যায়। এ সময় দোকানে একাই ছিলেন এক কর্মী। হামলাকারীদের ঠেকাতে ঝাড়ু ও ময়লার পাত্র নিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিরাপত্তার জন্য তাকে বুলেটরোধী কাচের আড়ালে আশ্রয় নিতে হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ার বেলফ্লাওয়ার এলাকায়। প্রকাশিত নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও মুখ ঢাকা অবস্থায় দুজন ব্যক্তি দোকানের সামনে আসে। তাদের একজন বড় হাতুড়ি দিয়ে দোকানের কাচের দরজায় আঘাত করে তা ভেঙে ফেলে।

এরপর আরও অনেক দুর্বৃত্ত দ্রুত দোকানের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে দোকানের একমাত্র কর্মী ঝাড়ু ও ময়লার পাত্র হাতে নিয়ে তাদের ভয় দেখিয়ে সরানোর চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, তিনি হামলাকারীদের পিছু হটাতে সক্ষম হয়েছেন।

তবে অল্প সময়ের মধ্যেই একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের সঙ্গে পেরে উঠবেন না বুঝতে পেরে কর্মী দ্রুত বুলেটরোধী কাচের আড়ালে চলে যান। তিনি কাচের দরজা বন্ধ করার ঠিক আগমুহূর্তে এক মুখোশধারী ব্যক্তি টাকা রাখার জায়গায় হাত বাড়ানোর চেষ্টা করে।

আরও পড়ুন

এরপর কয়েকজন দুর্বৃত্ত মিলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দোকান তছনছ করে ফেলে। তারা তাক থেকে খাবার, পানীয়, মিষ্টি ও অন্যান্য পণ্য নিয়ে যায়। দোকানের মালিক জানান, পুরো ঘটনা মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে ঘটে।

দোকানের মালিক বলেন, হামলাকারীদের উদ্দেশ্য শুধু লুটপাট নয়, দোকানের ভেতরের সবকিছু নষ্ট করাও ছিল। তারা টাকা তোলার যন্ত্রটিও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় অবৈধ সড়ক দখল করে গাড়ির প্রদর্শনী ও জমায়েতের সঙ্গে যুক্ত একের পর এক দোকান লুটের ঘটনা ঘটছে।

এর আগে রোববার ভোরে দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের একটি মুদি দোকানে প্রায় ২০ জনের একটি দল একই ধরনের লুটপাট চালায়। ওই ঘটনাটিও অবৈধ সড়ক দখলের সময় ঘটে।

এর পরের রাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে মুখোশধারীরা হামলা চালায়। এর মধ্যে একটি ছিল একটি ওষুধের দোকান। সেখানে প্রায় ১০০ জনের একটি জনতা জড়ো হওয়ার পর লুটপাটের ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের তথ্য অনুযায়ী, ওই রাতেই বয়েল হাইটস এলাকায় একটি ওষুধের দোকানে হামলা হয়। এর মাত্র কয়েক মিনিট পর প্রায় দুই মাইল দূরে আরেকটি খাবারের দোকানেও হামলা চালানো হয়। সেখানে সড়ক দখলের ঘটনা চলছিল। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুজন সন্দেহভাজন করাত দিয়ে দোকানের প্রবেশপথ কেটে ভেতরে ঢোকে এবং ঝুড়ি ভর্তি চুরি করা পণ্য নিয়ে পালিয়ে যায়।

বেলফ্লাওয়ার এলাকাতেও এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। প্রায় দুই সপ্তাহ আগে একটি পারিবারিক মালিকানাধীন দোকানে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করা হয়। ওই ঘটনায় চুরি হওয়া পণ্য ও সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছিল লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ।

ওই ঘটনার পর দোকানের মালিকদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, পুরো দোকান তছনছ হয়ে গেছে। মেঝেতে পড়ে আছে বিভিন্ন জিনিসপত্র, খালি হয়ে গেছে তাক ও ড্রয়ার। খাবার, মিষ্টি ও অন্যান্য পণ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুরো দোকানজুড়ে।

সাম্প্রতিক এসব ঘটনায় ক্যালিফোর্নিয়ায় অবৈধ সড়ক দখলের সঙ্গে যুক্ত দলবদ্ধ লুটপাট ও সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


আরটিভি/জেএমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission