সোমবার, ৩১ আগস্ট ২০২৬ , ০৩:৩৮ পিএম
ইউএস ওপেনে রেকর্ড ২৬তমবারের মতো এককের মূল ড্রয়ে খেলতে নেমেও প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারলেন না ভেনাস উইলিয়ামস। রেকর্ড সময়ে শুরু ও শেষ হওয়া ম্যাচে স্বদেশি সোফিয়া কেনিনের কাছে ৬-২, ৭-৬ (৬) গেমে হেরে বিদায় নিয়েছেন ৪৬ বছর বয়সী এই মার্কিন টেনিস তারকা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১৩ মিনিটে। এর আগে মারিয়ানো নাভোনের বিপক্ষে নোভাক জোকোভিচের চার ঘণ্টা ৩৬ মিনিটের দীর্ঘ লড়াইয়ের কারণে ভেনাস-কেনিনের ম্যাচ শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। মধ্যরাত পেরিয়ে শুরু হওয়ায় ইউএস ওপেনের ইতিহাসে ঘড়ির কাঁটায় সবচেয়ে দেরিতে শুরু হওয়া ম্যাচের রেকর্ড গড়ে এই লড়াই।
শুরু থেকেই কেনিনের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। প্রথম সেট ৬-২ ব্যবধানে জিততে তার সময় লাগে মাত্র ৩২ মিনিট। দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ভেনাস। ৪-২ গেমে পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে সেটটিকে টাইব্রেকে নিয়ে যান তিনি।
তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে টাইব্রেকে জয় নিশ্চিত করেন কেনিন। দ্বিতীয় সেট ৭-৬ (৬) গেমে জিতে ম্যাচেরও ইতি টানেন তিনি।
এই হারে এককে টানা ১৫ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন ভেনাস। সর্বশেষ ২০২৫ সালের জুলাইয়ে ওয়াশিংটনে একক ম্যাচ জিতেছিলেন তিনি। এ ছাড়া ২০১৯ সালে প্রথম রাউন্ডে জয়ের পর থেকে ইউএস ওপেনে টানা ছয় ম্যাচে হেরেছেন সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
ম্যাচ শেষে একক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ভেনাস। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
আমি মনে করি না আমার এটা নিয়ে কথা বলতে হবে। এই অদ্ভুত রাতের পর কীভাবে আমি সেরে উঠব এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হবো, আমার পুরো মনোযোগ এখন সেদিকেই।
ম্যাচটি শেষ হয় স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে। ফলে এটি ইউএস ওপেনের ইতিহাসে সবচেয়ে দেরিতে শেষ হওয়া প্রথম রাউন্ডের ম্যাচের মর্যাদাও পেয়েছে।
এককে বিদায় নিলেও ভেনাসের ইউএস ওপেন অভিযান এখনই শেষ হচ্ছে না। ছোট বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলার সম্ভাবনা রয়েছে তার।
আরটিভি/এসকে